রাজস্থানে ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করল বিজেপি। বহিষ্কৃতদের মধ্যে আছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া মন্ত্রিসভার চার মন্ত্রী। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ৬ বছরের জন্য তাঁদের বহিষ্কার করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা দলের সরকারি প্রার্থীর সমর্থনে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চার মন্ত্রী পালি, জয়পুর ও চুরু জেলার নেতা।
এছাড়াও শ্রীগঙ্গানগর, আলওয়ার, বিকানের, বন্সওয়াড়া, ডুঙ্গারপুর জেলার নেতারা রয়েছেন। তাঁরা দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। দলের প্রার্থীতালিকা প্রকাশের পর অনেকেই দলবদল করেছেন। কেউ কেউ নিজের কেন্দ্রে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই লড়ছেন। প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রুখতে এবারের প্রার্থীতালিকায় বহু বিধায়কের নাম বাদ পড়েছে। টিকিট না পাওয়ায় গত ১৮ নভেম্বর রামগড়ের বিধায়ক জ্ঞানদেব আহুজা দল ছেড়ে নির্দল হিসেব লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। গত বুধবার বিজেপির বিধায়ক হবিববুর রহমান আশরফি লাম্বা যোগ দিয়েছেন কংগ্রেসে। কংগ্রেসেও বিদ্রোহী প্রার্থী কম নয়। চার প্রাক্তন মন্ত্রী সহ ৪০ জনের মতো নেতা দলের তালিকায় অখুশি।

Be the first to comment