রোজদিন ডেস্ক: রাখিবন্ধন উপলক্ষে আগামী ২৮ অগাস্ট রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচির আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। এ জন্য সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর। জারি করা ওই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুরনিগম ও পুরসভার নির্বাচিত ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন স্তরে এই অনুষ্ঠান হবে। তিরঙ্গা-থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোক সঙ্গীত ও স্থানীয় সংস্কৃতির পরিবেশনার আয়োজনের ওপর জোর দেওয়া হয়েছে। যুবকল্যাণ ও ক্রীড়া দফতর তিরঙ্গা-থিমের রাখি সরবরাহ করবে। স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিটি জেলা প্রশাসনকে ছবি ও সংক্ষিপ্ত প্রতিবেদন তথ্য ও সংস্কৃতি দফতরে জমা দিতে হবে বাধ্যতামূলক ভাবে।

Be the first to comment