Raksha Bandhan : ঐক্য ও সম্প্রীতির রাখিবন্ধন পালন প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : রাখিবন্ধন- ভাই বোনের পবিত্র মিলনের দিন। কিন্তু শুধু কি ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ এই দিনটি? সম্প্রীতি , সৌহার্দ্য, ভালোবাসা, শক্তি ,মর্যাদার প্রতীক হিসেবে এই রক্ষা বন্ধন বা রাখি পূর্ণিমার দিনটি পালিত হয়। প্রদেশ কংগ্রেস ও এই রাখি পূর্ণিমার দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল। বুথ থেকে বিধানভবন / রাখির সুতোয় বাঁধবো সংগঠন – এই স্লোগান দিয়ে কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে এক ছোট্ট অথচ মনোজ্ঞ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। একে অপরের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু এই দিনটির তথা এই উৎসবের ইতিহাস বর্তমান এবং ব্যাপ্তি নিয়ে আলোচনা করেন।

রাখি বন্ধন নিয়ে কথা হবে, আর রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসবেনা তা কখনো হতে পারে না। শুভঙ্কর বাবু বলেন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করতে ১৬ অক্টোবর অকাল রাখি আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান বেঁধে ছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হয়ুক, পুণ্য হউক,পুণ্য হউক হে ভগবান। সেই যে বাংলার ঘরের যত ভাই-বোন তাদের এক হওয়ার ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ তাঁর প্রাসঙ্গিকতা আজও আছে বলেন শুভঙ্কর বাবু। ইতিহাস থেকে নিদর্শন টেনে শুভঙ্কর বাবু বলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বা মেদিনীপুরের রানী শিরোমনি এরাও শক্তির প্রতীক হিসেবে যুদ্ধের আগে রাখি বন্ধনের আয়োজন করতেন।শুভঙ্কর বাবু বলেন এই বিধান ভবন বা প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে কত রাজনৈতিক যুদ্ধের শলাপরামর্শ হয়। তাই এখানে রাখিবন্ধন আমাদের সকলকে শক্তি দেয়।রাহুল গান্ধীকে উদ্ধৃত করে শুভঙ্কর বাবু বলেন নাফরাত ছোড়ো, ভারত জোড়ো। ঘৃণা থেকে ভালোবাসার মন্ত্র বিভেদ থেকে ঐক্যের মন্ত্র এটাই শেখায় কংগ্রেস বলেন তিনি। তাইতো নাফরাত কি বাজার মে মহব্বত কি দুকান : রাহুল গান্ধীর সেই বিখ্যাত স্লোগান আজকের দিনে খুবই প্রাসঙ্গিক জানান শুভঙ্কর সরকার।

অনুষ্ঠানে উপস্থিত বর্ষীয়ান কংগ্রেস নেত্রী কৃষ্ণা দেবনাথ। তার কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির আবৃত্তি উপস্থিত দর্শকদের কাছে এক পরমপ্রাপ্তি। তরুণী মৌমিতা ছাত্র কি গুঞ্জ লেখা রাখি বানিয়ে সকলকে পরিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তরুণ কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য ওরফে রাজা মূলতঃ রবীন্দ্রনাথের রাখি বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। রবীন্দ্রনাথ যে হিন্দু মুসলিম নির্বেশেষে বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে রাখিকেই তার অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তাই নয় তিনি নাখোদা মসজিদের ইমামকেও রাখি পরিয়েছিলেন। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ ভারত বর্ষ বলেন অশোক ভট্টাচার্য। বর্তমান বিজেপি সরকারকে মনুবাদী আখ্যা দিয়ে সম্প্রীতি ভাঙার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ আনেন তিনি।

আজকের এই রাখি বন্ধন অনুষ্ঠানের মুখ্য আয়োজক সুদীপ্ত রায় চৌধুরী মুখার্জি প্রথমেই বলেন, রাখি বন্ধন কে শুধুমাত্র ভাই বোনের গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তিনি বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন বন্দেমাতরম কাটা হবে না গোটা হবে সেই নিয়ে আমরা ব্যস্ত।স্পষ্ট ইঙ্গিত বিজেপির দিকে। উপস্থিত বর্ষিয়ান কংগ্রেস নেতারাও রাখি বন্ধন তথা রাখি পূর্ণিমাকে, ভাই বোনের সম্প্রীতি সৌভাতৃত্বের প্রতীক হিসেবে দেখার পাশাপাশি শুভ শক্তির জয় এবং ঐক্য,সাম্য, সম্প্রীতি রক্ষার জন্য রক্ষা বন্ধনের প্রয়োজনীয়তার কথা বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*