RAMKRISHNA MISSION: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

Spread the love

প্রতিবেদন: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৩৬ সালের ১ জুলাই কেরালার এর্নাকুলাম জেলায় তাঁর জন্ম। সংঘের তৎকালীন সহ-সভাপতি স্বামী যতীশ্বরানন্দজী মহারাজের দীক্ষিত শিষ্য ছিলেন ভজনানন্দজি মহারাজ। ১৯৬১ সালে তিনি সংঘের বেঙ্গালুরু মঠে যোগদান করেন এবং ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাস নেন। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি বেঙ্গালুরু মঠে বিভিন্ন দায়িত্বে ছিলেন। আট বছর তিনি সংঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারত’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন। ২০২২ সালের এপ্রিল মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হন এবং শেষদিন পর্যন্ত সেই পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি প্রায় তিন দশক ধরে বেলুড় মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সংস্কৃত, হিন্দু শাস্ত্র এবং খ্রিস্টীয় ধর্মতত্ত্বে পণ্ডিত ছিলেন। তাঁর প্রয়াণে অগণিত ভক্তদের মধ্যে গভীর শূন্যতা তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*