পুজো শেষ হতেই রেড রোডে কার্নিভালের প্রস্তুতি শুরু প্রশাসনের, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ জানাল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : পুজো শেষ। রবিবাসরীয় দুপুরে শহর কলকাতায় পুজো কার্নিভাল। যেখানে অংশ নেবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। একইসঙ্গে কলকাতা ও আশপাশের সেরা প্রতিমাগুলি দেখার সুযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে দুর্গোৎসব থেকে পুজো কার্নিভাল এখন গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশ-বিদেশের অতিথিরা এবারও আসছেন রেড রোডের কার্নিভালে।

জোরকদমে চলছে তার প্রস্তুতি। অতিথি-অভ্যাগত থেকে শুরু করে বিশিষ্ট ও সাধারণ মানুষের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার কার্নিভাল উপলক্ষে শহরের কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার দুপুর ২টোয় শুরু হবে কার্নিভাল। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। ৯ সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী ৩টের পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে। আবার দুপুর ২টো থেকে কার্নিভালের শেষ পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওইসময় ওই রাস্তায় শুধুমাত্র কার্নিভালের অংশগ্রহণকারী গাড়িগুলিকে অনুমতি দেওয়া হবে।

অন্য গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড এবং রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। পথচারিরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে রেড রোডে পৌঁছাতে পারবেন। কার্নিভালের জন্য চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড এবং হেয়ার স্ট্রিটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*