কারুর ট্রাজেডি, সিট (SIT) গঠনের নির্দেশ, TVK নেতাদের তোপ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর কারুরে গত সপ্তাহে ৪১ জনের পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিল মাদ্রাজ উচ্চ আদালত। এই সঙ্গে জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের দল TVK-র নেতাদের তীব্র তিরস্কার করে আদালত। বিচারপতি সেন্থিলকুমার পরিস্কার বলেন, এই  মর্মান্তিক ঘটনার সময় TVK নেতারা দুর্গতদের ফেলে রেখে উধাও হয়ে গেছিলেন। অভিনেতা বিজয়কে এক ঝলক দেখতে যাঁরা ওখানে গেছিলেন, তাঁদের অনেকেই প্রাণ হারালেন। TVK নেতাদের উচিত ছিল তাঁদের উদ্ধার করে সাহায্য করা।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর জনপ্রিয় অভিনেতা বিজয়ের প্রচার সভায় দুপুর থেকে জনসমাগম হয়। রাত ৮টার কিছু আগে বিজয় এলে তাঁকে দেখতে ব্যাপক উন্মাদনার জেরে পদপিষ্ট হয়ে ১০ জন শিশু-সহ ৪১ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। এই ঘটনায় দেশব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে। শুরু হয় পারস্পরিক দোষারোপ। TVK এর নেপথ্যে ষড়যন্ত্রর অভিযোগ তুললেও প্রশাসন তা খারিজ করে।

আজ মাদ্রাজ উচ্চ আদালতের বিচারপতি কারুরের ঘটনাকে মানুষের তৈরি বিপর্যয় আখ্যা দিয়ে বলেন, মর্মান্তিক এই ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ বহু বিশিষ্টরা গভীর শোক ও উদবেগ ব্যক্ত করেন। পুলিশের আই জি আসরা গর্গের নেতৃত্বে সিট গঠন করে তিনি এর উচ্চ পর্যায়ের তদন্তর নির্দেশ দেন। কারুর পুলিশকে এই সংক্রান্ত সব কাগজপত্র সিট কে হস্তান্তর করার নির্দেশ দেন।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকাতেও খুশি নয় আদালত। টিভিকে নেতাদের সম্পর্কে তারা নরম মনোভাব নিয়েছে বলে আদালত মনে করে।

এই সব ঘটনায় আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না বলেও কড়া মন্তব্য করেন বিচারপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*