RELIANCE GROUP: বাংলায় বড় বিনিয়োগ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রিলায়েন্সের শীর্ষ কর্তারা

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করল রিলায়েন্স গোষ্ঠী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার সিইও-সহ শীর্ষকর্তাদের এক প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নবান্ন সূত্রে দাবি, এই প্রথম রিলায়েন্সের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা বিনিয়োগ নিয়ে মুখোমুখি আলোচনায় বসলেন। ডেটা সেন্টার ও এআই ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি-স্পেশালিটি হাসপাতাল—এই ছ’টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই রাজারহাটের সিলিকন ভ্যালিতে ৪০ একর জমিতে রিলায়েন্স ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে। পাশাপাশি, দিঘায় সমুদ্রের নিচ দিয়ে আন্তর্জাতিক ডেটা কেবল সংযোগের জন্য কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির প্রস্তাবও দিয়েছে তারা।

উত্তরবঙ্গে একটি ফুড পার্ক গড়ে তুলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বাজারে এফএমসিজি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে রিলায়েন্সের। একই সঙ্গে বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা ব্লকে কোল গ্যাসিফিকেশন প্রকল্পে সংস্থার অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। নবান্নের এক আধিকারিকের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় বড়সড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্বাস্থ্য ক্ষেত্রেও বড় উদ্যোগের কথা ভাবছে রাজ্য। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর-এর আওতায় মুম্বইয়ের ধাঁচে একটি অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, বন্দর থেকে হাওড়ার আন্দুল পর্যন্ত নদীর তলা দিয়ে সড়ক সুড়ঙ্গ নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*