প্রতিবেদন: প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত আপাতত তোলাবাজির অভিযোগে পুলিশি হেফাজতে। গতকাল রবিবার বিকেলে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠেছে বিধাননগর উত্তর থানার পুলিশের। এক অভিজাত আবাসনে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা কেনার রসিদ। এখন প্রশ্ন, এই বিপুল সোনা কি তিনি কিনেছেন, নাকি নেপথ্যে অন্য কিছু? তিনি কিনে থাকলে এই বিপুল সম্পত্তির আয়ের উৎস কী, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। রবিবার সব্যসাচীকে নিয়ে বিধাননগর পুরসভার ৩১ নং ওয়ার্ডে তার অফিসে যায় পুলিশ। অফিসের কাছে একটি ক্লাবেও নিয়ে যান তদন্তকারীরা। সেই তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। এরপর রাজারহাটে এর বিলাসবহুল আবাসনে তার দু’টি ফ্ল্যাটেও তল্লাশি চালায় পুলিশ। গত কয়েকদিন আগে সল্টলেকের এক ব্যবসায়ী প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে তোলাবাজি-সহ হুমকির অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গত ৯ জুন গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে এই দাপুটে নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

Be the first to comment