রোজদিন ডেস্ক : সংসদে অধিবেশন চলাকালীন ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মত শ্লোগান দেওয়া যাবে না। মঙ্গলবার সকালে একটি প্রভাতী দৈনিকে এই ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়। যা নিয়ে আপাতত সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতি। এই খবর সামনে আসতেই তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবসে ময়দানে আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে হাতে সংবিধানের কপি নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি একটা সংবাদমাধ্যমে এটা দেখেছি। সত্যি, মিথ্যে জানি না। খোঁজ নেব। বন্দে মাতরম তো জাতীয় সঙ্গীত। বিজেপি কি এভাবে বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চাইছে? ওরা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। আমরা এসব মানবো না। এরপর একই ইস্যুতে তিনি বিজেপিকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। পরে মুখ্যমন্ত্রীর সুরে গলা মেলায় কংগ্রেস। রাহুল গান্ধিও এর তীব্র প্রতিবাদ জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার থেকে আমরা দেখা হলে বন্দে মাতরম এবং জয় হিন্দ বলবো। এই আবহে মুখ খোলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের দাবি উড়িয়ে জানিয়ে দেন, এটা হঠাৎ করে কিছু হয়নি। এই বিষয়টি ২০১০ সাল থেকে রাজ্যসভার রুলবুকে রয়েছে। তখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংসদ ছিলেন। তিনিও এটা জানেন। তাহলে তখন কিছু বলেননি কেন? আর এখনই বা কেন বলছেন। তখন তো আর কেন্দ্রে বিজেপি সরকার ছিল না।

Be the first to comment