রমিত সরকার, কৃষ্ণনগর :
ফের শক্তিনগর জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এল। পুরনো বিবাদের জেরে হাসপাতাল চত্বরেই এক শববাহী গাড়ির চালকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই চালক।
জানা গেছে, এদিন শববাহী গাড়ি নিয়ে শক্তিনগর জেলা হাসপাতাল এলাকায় আসেন ওই চালক। সেই সময়ই পূর্বপরিচিত এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেই বিবাদ থেকেই অভিযুক্ত ইব্রাহিম মণ্ডল আচমকা ধারালো অস্ত্র বের করে চালকের উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান চালক।
ঘটনাস্থলে থাকা স্থানীয় মানুষজন তৎপরতা দেখিয়ে রক্তাক্ত চালককে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হামলার পর পালানোর চেষ্টা করলেও অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জনতার হাত থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। ধৃত ইব্রাহিম মণ্ডলের বাড়ি নদিয়ার চাপড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আজ বেলা এগারোটা নাগাদ কৃষ্ণর কোতোয়ালি থানা থেকে অভিযুক্তকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে গাড়িতে তোলার মুহূর্তে জিজ্ঞেস করলে সে জানায় শেষ স্থানীয় একটি গ্যারেজে কাজ করে সেখানেই সেই অস্ত্রটি পেয়েছিল। সেই রাগের মুহূর্তে এই কাজটি করে ফেলে ।
রাতের বেলায়, ব্যস্ত হাসপাতাল চত্বরে এভাবে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাঁদের পরিবার আসেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা এতটাই ঢিলেঢালা কীভাবে? এই ঘটনায় ফের একবার শক্তিনগর জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠতে শুরু করেছে।

Be the first to comment