শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টা আইনজীবীর

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই-কে আদালতের ভিতরেই জুতো ছুঁড়ে মারার চেষ্টা করলেন এক আইনজীবী। সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না বলে তিনি চিৎকার করেন। শীর্ষ আদালতের ভিতর নজিরবিহীন এই ঘটনায় আজ তীব্র চাঞ্চল্য দেখা দেয়। অভিযুক্ত আইনজীবীকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে ধরে বাইরে নিয়ে যান। প্রধান বিচারপতি বি আর গাভাই অবশ্য এই ঘটনায় নিরুত্তাপ ছিলেন। তিনি এই সব দিকে মন না দিয়ে আদালতের কাজ চালিয়ে যেতে বলেন। তাঁকে এই সব প্রভাবিত করে না বলেও জানিয়ে দেন।

প্রসঙ্গত, গত মাসে মধ্য প্রদেশের জাভেরি মন্দিরে বিষ্ণু মূর্তি সংস্কার নিয়ে গাভাই-এর মন্তব্য ঘিরে বিতর্ক জমে ওঠে। তিনি বিষ্ণু মূর্তি সংস্কার-এর আবেদন খারিজ করে দেন। সঙ্গে মন্তব্য করেন, মামলাকারী কেন দেবতাকে গিয়ে এই কথা বলছেন না। কট্টর  হিন্দুত্ববাদীরা এই মন্তব্যকে হাতিয়ার করে তীব্র বিরোধিতায় নামেন। এমন কি তাঁকে প্রধান বিচারপতির পদ থেকে অপসারণের দাবিও করেন।

এই সব প্রচারে বিস্মিত প্রধান বিচারপতি পরে বলেন, তিনি কোন ধর্মকে আঘাত করেননি। তাঁর বক্তব্যকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলে জানান।

আজ শীর্ষ আদালতে অভিযুক্ত আইনজীবী তাঁর সেই মন্তব্যর রেশ টেনেই এই আক্রমণ শানান বলে মনে করা হচ্ছে।

বিশিষ্ট আইনজীবী রোহিত পান্ডে প্রধান বিচারপতিকে আক্রমণের চেষ্টার তীব্র নিন্দা করে দোষী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযুক্ত আইনজীবী ২০১১ সাল থেকে বার এসোসিয়েশন এর সদস্য বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*