সুপ্রিম নির্দেশে কাটল জট, ৮ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : কাটল উপাচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি উপাচার্য পদে যেসব প্রার্থীর নামের তালিকা জমা দিয়েছে তার মধ্যে যে নামগুলি নিয়ে আপত্তি নেই সেই উপাচার্যদের আপাতত নিয়োগ করার জন্য নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়-সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জট অনেকটাই কাটল বলেই মনে করা হচ্ছে।

এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে উপাচার্য নিয়োগ মামলা ওঠে। সেখানে সার্চ কমিটি উপাচার্য পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা জমা দেয়। এই তালিকাতেও বেশ কিছু নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন আচার্য। কিন্তু যে-নামগুলো নিয়ে কোনও সমস্যা নেই তাঁদের আপাতত নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নিয়োগের মাধ্যমে পঠনপাঠনের বিষয় যেমন

সরল হবে তেমনই প্রশাসনিক কাজেও গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের টানাপোড়েনের মধ্যেই মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৯টিতে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ে জট রয়ে গিয়েছিল। সেখান থেকে আটটি বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবার মিটতে চলেছে।

সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর সোমবার রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম চূড়ান্ত হল।
দেখে নেওয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য এলেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে বসানো হচ্ছে আশুতোষ ঘোষকে। তিনি রসায়ন বিভাগের অধ্যাপক।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন ওম প্রকাশ মিশ্র।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হচ্ছেন আশিস ভট্টাচার্য।
কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে র দায়িত্ব পাচ্ছেন উদয় বন্দ্যোপাধ্যায়।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য অর্ণব সেন।
সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষকে দায়িত্ব দেওয়া হল।
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন আবু তালেব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*