খারাপ আবহাওয়ার জন্য আরো একটু পেছালো শুভাংশুদের মহাকাশ অভিযান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-খানিকটা বাড়ল অপেক্ষার মেয়াদ! খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ চার জনের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দেওয়ার দিনক্ষণ পিছিয়ে গেল। সূত্রের খবর, মঙ্গলবারের বদলে বুধবার তাঁদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। সমাজমাধ্যামকে এ কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে ইসরোর তরফে লেখা হয়েছে, ‘‘খারাপ আবহাওয়ার কারণে অ্যাক্সিয়ম-৪ অভিযান ২০২৫ সালের ১০ জুনের বদলে ১১ জুন শুরু হতে চলেছে। ওই অভিযানে ভারতীয় গগনযাত্রীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ পাঠানো হচ্ছে। অভিযানের সম্ভাব্য সময় হল ২০২৫ সালের ১১ জুন ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা।’’ ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণনের তরফেও এই কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চেপে আইএসএসে যাওয়ার কথা ভারতীয় মহাকাশচারী শুভাংশু-সহ চার জনের। মহাকাশযানটি উৎক্ষেপণ করবে ফ্যালকন ৯ রকেট। এ জন্য ইতিমধ্যেই রকেটটিকে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ‘৩৯এ কমপ্লেক্স’-এ পাঠিয়ে দেওয়া হয়েছে। অ্যাক্সিয়ম স্পেস নামে আমেরিকার একটি বেসরকারি সংস্থার মহাকাশ অভিযানে ছাড়পত্র দিয়েছে নাসা। সেই অভিযানেই যাচ্ছেন শুভাংশুরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*