প্রতিবেদন: পাঁচ মাসে মাত্র ১ লক্ষ ২৬ হাজার আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। ট্রাইব্যুনালে (SIR Tribunal) আবেদনের সংখ্যা ৩৭ লক্ষেরও বেশি। এই গতিতে নিষ্পত্তি চলতে থাকলে সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে অন্তত ১২ বছর সময় লাগবে। বাংলার এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল নিয়ে এমনই মত খোদ নির্বাচন কমিশনের। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই জানাল নির্বাচন কমিশন। যা শুনে আবেদনকারীদের দুশ্চিম্তা আরও বাড়ল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়াদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল তৈরি করা হয়। সেখানে। ৩৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে। এখন যা পরিস্থিতি তাতে কমিশনের দাবি, নিষ্পত্তির জন্য তৈরি ট্রাইব্যুনালের সংখ্যা না বাড়ালে গোটা প্রক্রিয়া শেষ করতে কম করে ১২ বছর সময় লেগে যাবে। এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতকে এই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বর্তমানে ট্রাইব্যুনালের কাজের গতি এবং পরিসংখ্যান পেশ করে কমিশন জানিয়েছে, মাসে প্রায় ২৫ হাজার মামলার নিষ্পত্তি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৭ লাখ ৫ হাজার ২৩৫টি মামলা বিচারাধীন ছিল। এখনও পর্যন্ত যা বাকি আছে, এই গতিতে চললে পুরো করতে কমপক্ষে ১৪৬ মাস সময় লাগবে। তাই কমিশনের প্রস্তাব ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে ২৪ থেকে ৪২ করা হোক। না হলে গোটা প্রক্রিয়ার ভবিষ্যৎটাই অনিশ্চিত।

Be the first to comment