নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শিশুদিবস উপলক্ষে গোয়ালদহ মহিষন্যাংড়া জি.এস.এফ.পি. বিদ্যালয়ে আয়োজিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হয় শিশুদিবস। সেই উপলক্ষেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিশুরা নিজেদের প্রতিভা তুলে ধরে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা পড়ুয়াদের উৎসাহিত করেন।
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতার বিকাশ যে শিশুদের সার্বিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়।
শিশুদের আনন্দ, উচ্ছ্বাস ও হাসিতে এদিন প্রাণবন্ত হয়ে ওঠে গোয়ালদহ মহিষন্যাংড়া জি.এস.এফ.পি. বিদ্যালয় প্রাঙ্গণ।

Be the first to comment