রোজদিন ডেস্ক, কলকাতা:- উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের টানাপড়েনের মাঝেই শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করার জন্য রাজ্যপালকে নির্দেশ দিল শীর্ষ আদালত। ফের চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে।
বিশ্বভারতীর উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল অনুমোদন দেননি। তাঁর যুক্তি ছিল, সোনালি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের (পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়) দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ করা ঠিক হবে না।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, ‘আমরা আচার্যকে সোনালি চক্রবর্তীকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দিচ্ছি। তিনি নিজের বর্তমান পদে ইস্তফা দিয়ে নতুন দায়িত্বে যোগ দিতে পারবেন।’ পাশাপাশি সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Be the first to comment