রোজদিন ডেস্ক : কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আজ এসএসসি-র দ্বিতীয় দফার পরীক্ষা চলছে। গত রবিবারের মত আজ একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মত।
শুধু প্রতিবেশী বিহার, ওড়িশা নয়, দিল্লি থেকে আসা এক পরীক্ষার্থীরও দেখা মিলেছে। সরকারি চাকরির আশায় দেশের যেখানেই নিয়োগের পরীক্ষা হয় যান তিনি। রাজস্থানে ও শিক্ষক নিয়োগ এর পরীক্ষা দিয়েছেন এই যুবক।
এই রাজ্য-সহ সারা দেশেই চাকরি, বিশেষত সরকারি চাকরি যে সহজে মেলে না, এক বাক্যে স্বীকার করেন তাঁরা। কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিকদের মত এঁদের পরিযায়ী পরীক্ষার্থী বলাই যায়।
আজ রাজ্যের ৪৭৮ টি কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শূন্যপদের সংখ্যা মাত্র ১২, ৫১৪। ফলত বিপুল উৎসাহে পরীক্ষা দিতে এলেও কাজ মিলবে কিনা সে বিষয়ে তাঁরা অনিশ্চিত। তবু আশা নিয়েই পরীক্ষা দিচ্ছেন সবাই।
শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির কথা ও অজানা নয় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের কাছে। এই বিষয়ে তাঁদের বক্তব্য, সব জায়গাতেই এই রকম কিছু না কিছু সমস্যা আছেই।

Be the first to comment