প্রথম দফায় সুপারিশপত্র পাচ্ছেন ১৭২ জন, একাদশ, দ্বাদশের কাউন্সিলিং শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : খরা কাটিয়ে অবশেষে এ রাজ্যে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ। আর তা ভোটের আগেই। বিধানসভা ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশে শিক্ষক পদে সফল প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হয়ে গেল। কমিশন সূত্রে খবর, প্রশাসনিক স্তর থেকে জাতিগত এবং বিষয়ভিত্তিক শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা হাতে পাওয়ার পরই দ্রুততার সঙ্গে কাউন্সিলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে সাত বিষয়ের কাউন্সিলিং শুরু করেছে কমিশন। মঙ্গল ও বুধবার, এই দু’দিন চলবে প্রথম দফার কাজ। প্রথম পর্যায়ে ১৭২ জন চাকরিপ্রার্থীকে তাঁদের সুপারিশপত্র দেওয়া হবে। এর পর ধাপে ধাপে বাকি প্রার্থীদের ডাক পড়বে। কমিশনের মতে, স্বচ্ছতা বজায় রেখেই কাউন্সিলিং প্রক্রিয়া করা হচ্ছে। চূড়ান্ত মেধাতালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কমিশন। যার মধ্যে মোট ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের তাঁদের পছন্দের শূন্যপদ বা স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটি অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হচ্ছে। কারণ, সামনেই বিধানসভা ভোট। তার আগে যোগ্য প্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দিয়ে চাকরিপ্রার্থীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*