সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করল রাজ্য, জারি হল বিজ্ঞপ্তি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করল। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারি ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে এই কমিশন তাদের সুপারিশ সম্বলিত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। এই কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়ার ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ ডঃ পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডঃ পার্থপ্রতিম পাল এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্নম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে কমিশন সরকারি কর্মচারিদের বেতন, মহার্ঘ ভাতা-সহ অন্যান্য ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। কর্মীদের দক্ষতা বৃদ্ধিএবং কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। সুপারিশ তৈরির সময় কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্যের বেতন কাঠামো, রাজ্যের আর্থিক অবস্থা এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশও বিবেচনা করা হবে। কমিশনের সদর দপ্তর হবে কলকাতা। প্রয়োজনে রাজ্যের অন্যত্র বা নয়াদিল্লিতেও বৈঠক করা যাবে। কমিশনকে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। প্রয়োজনে তারা অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*