রোজদিন ডেস্ক :
আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার গ্রাহকরাও প্রতি মাসে বিদ্যুৎ বিল পাবেন। পর্ষদ এলাকায় স্মার্ট মিটার বসানোও বাধ্যতামূলক হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেন।
উল্লেখ্য, এই দুই বিষয় নিয়েই রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার গ্রাহকদের দীর্ঘদিন ধরে দাবি ও দুশ্চিন্তা ছিল। পর্ষদ এলাকায় একসঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকরা ক্ষুব্ধ, তাঁরা প্রতি মাসের বিল দাবি করে আসছেন। এই ছাড়া স্মার্ট মিটার বসানো নিয়েও ক্ষোভ আছে। বিদ্যুৎ বাজেট নিয়ে আলোচনার পর বিধানসভায় এই সব ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের সরকার ফর দি পিপল, বাই দি পিপল ও অফ দি পিপল, এই নীতিতে চলছে।
তবে বিদ্যুৎ চুরি নিয়ে তিনি কড়া বার্তা দেন। বলেন, এই ব্যাপারে সরকার জিরো টলারেন্স নেবে। সব অঙ্গনওয়ারি কেন্দ্রে সরকার বিনামূল্যে বিদ্যুৎ দেবে বলে ও মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment