রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও উত্তাপ জারি রাজ্য বিধানসভায়। মঙ্গলবারও বিধানসভায় বিজেপি বিধায়কদের তীব্র বিক্ষোভে উত্তাল হল দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশন। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিয়ে এদিন মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু বিষয়টি আগেই আলোচনা হয়ে গিয়েছে বলে সেই প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার ভেতরে স্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়করা।
বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে, স্পিকার নিজের আসন ছেড়ে উঠে বিজেপি বিধায়কদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে, শেষমেশ প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বঙ্গ বিজেপির বিধায়কেরা। বিক্ষোভের মধ্যেই বিধানসভার কার্যবিধির তথ্য দিয়ে যে কাগজ দেওয়া হয়, তা ছিঁড়ে ফেলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, এইরকমই চলতে থাকলে, আগামিকাল থেকে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না বিধানসভায়। এই সিদ্ধান্তকে ‘সংবিধানের বিরলতম ঘটনা’ বলে ব্যাখ্যা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “সংবিধানের ইতিহাসে প্রথমবার কোনও বিরোধী দলকে কার্যবিবরণী বা বুলেটিন দেওয়া হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমরা বিজেপি বিধায়করা প্রতিদিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় ছিঁড়ে প্রতিবাদ জানাব।”

Be the first to comment