আজ বিজেপির জোড়া মিছিল আটকাতে আদালতে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যা করেন প্রৌঢ় প্রদীপ কর। তিনি নাকি সুইসাইড নোটে তা লিখে গিয়েছেন। এই দাবি কতটা ঠিক তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই ইস্যুতে আজ মঙ্গলবার পানিহাটি ও আগরপাড়ায় মিছিল করার অনুমতি চেয়েছিল বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁদের সেই অনুমতি দেয়। কিন্তু মঙ্গলবার বিজেপির জোড়া মিছিল আটকাতে মরিয়া রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। রাজ্যের আবেদন, বিজেপির দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত। রাজ্যের বক্তব্য, রাস উৎসব ও বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই অঞ্চলগুলিতে মিছিল হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। এর আগে, সোমবার শর্ত সাপেক্ষে বিজেপির জোড়া মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত, মিছিল করার জন্য সোমবার বিজেপিকে শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। শর্ত অনুযায়ী, বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্বাধিক ১০০০ জন নিয়ে করা যাবে মিছিলটি। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে আয়োজকদের। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*