SUBHENDU ADHIKARI: পুজোর বাকি দিনগুলিতে বাড়তি নজরদারি, আড়ম্বরহীন বিজয়া সম্মেলনী

Spread the love

প্রতিবেদন: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর বাকি পুজোর দিনগুলিতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, শোকের আবহেই দুর্গাপুজো পালন করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানও কাটছাঁটের ঘোষণা করেন তিনি। রবিবার ভবানী ভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সব জেলা, পুলিশ কমিশনারেট, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মণ্ডপে ভিড় বেশি হচ্ছে বা আগামী দু’দিনে হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে স্থানীয় ওসি-আইসি-রা অবিলম্বে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। প্রয়োজনে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ, চলাচলের পথ পুনর্বিন্যাস-সহ যে কোনও সংশোধন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে। পুজো দেখতে বেরোনো মানুষের উদ্দেশে তাঁর আবেদন, পুলিশ যে নির্দেশ দেবে তা মেনে চলতে হবে।

দুর্ঘটনায় মৃত ১৯ জনের মধ্যে ১৮ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের প্রত্যেকের বাড়িতে ম্যাজিস্ট্রেট ও ডিএসপি পদমর্যাদার কর্তাদের পাঠানো হচ্ছে। দেহ সৎকার পর্যন্ত প্রশাসনের প্রতিনিধিরা পরিবারের পাশে থাকবেন। যে পরিবারে একাধিক মৃত্যু হয়েছে, সেখানে মানসিক সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ ও ২১ অক্টোবর মুখ্যমন্ত্রী নিজে নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার জেরে এ বছরের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানও সংক্ষিপ্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ২৬ অক্টোবরের অনুষ্ঠান আড়ম্বরহীন হবে। বরণ, সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভিআইপি সংস্কৃতি নিয়ে তাঁর বক্তব্য, ভিআইপি কার্ডের অপব্যবহার অনেকটাই বন্ধ হয়েছে। এবার ধাপে ধাপে ভিআইপি লেনের ব্যবস্থাও তুলে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে সাধারণ দর্শনার্থীদের চলাচলে কোনও সমস্যা না ঘটে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*