SUJIT BOSE BAIL CASE: আগের দিন স্থগিত রেখেছিলেন রায়দান, বুধবার আচমকা মামলা ছাড়লেন বিচারপতি

Spread the love

প্রতিবেদন: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা একদা দাপুটে তৃণমূল নেতা জেলবন্দি সুজিত বোসের জামিন মামলা (SUJIT BOSE BAIL CASE) নিয়ে আচমকা শোরগোল আদালত চত্বরে। সোমবার এই মামলার শুনানি শেষ হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার রায়দানের আগে আচমকাই সুজিত বোসের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। যা নিয়ে শোরগোল। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? এই প্রসঙ্গে বিচারপতি বলেন, মঙ্গলবার সুজিত বোসের কোনও এক আইনজীবী তাঁর অনুপস্থিতিতে বিচারপতি ঘোষের চেম্বারে যান। সেখানে গিয়ে বিচারপতির ব্যক্তিগত সচিবকে চেম্বারে থাকা ওই কেসের কোনও একটি ফাইল দিতে বলেন ওই আইনজীবী। এই ঘটনা জানিয়ে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। গোটা বিষয়টি তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে জানিয়েছেন।তার পরেই এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। তিনি মামলা ছাড়ার ফলে সুজিত বোসের জামিন সংক্রান্ত বিষয়টি ঝুলে রইল। মামলা এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এক্তিয়ারে। তিনি কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার। এর আগে পুরসভায় টাকার বিনিময়ে একাধিক প্রার্থীর নাম সুপারিশ করার অভিযোগে সুজিত বোস গ্রেফতার হন। তাঁর বাড়ি ও অফিসেও চলে তল্লাশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*