প্রতিবেদন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই ২৪ ঘণ্টাও কাটল না।নদিয়ার কালীগঞ্জে নাবালিকা তামান্না খুনে গ্রেপ্তার হল আরও ২ অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা হচ্ছে। এই গ্রেপ্তারির ফলে তামান্না খুনে এখনও পর্যন্ত মোট ১৩ জনকে পাকড়াও করল পুলিশ।
গত বছর ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনে জয়ের পর তৃণমূল বিজয় মিছিল করে। অভিযোগ, সেই মিছিল থেকেই ছোড়া বোমায় মৃত্যু হয় তামান্নার।
গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় গিয়ে দেখা করেন তামান্নার মা। বিধানসভায় তামান্না খুনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনির মতো ঘটনায় জিরো টলারেন্স সরকারের। মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশ তল্লাশিতে নামে। রাতেই সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে দু’জন গা ঢাকা দিয়েছিল। এই গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা।

Be the first to comment