প্রতিবেদন: তারাপীঠের (Tarapith) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জখমও হয়েছেন একাধিক। তাদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরবেলা তারাপীঠ মন্দিরের খুব কাছেই ‘বিদেশিনী’ নামের ওই হোটেলের একতলার ঘরে আগুন লাগে। হতাহতরা প্রায় সবাই পুজো দিতে তারাপীঠে গিয়েছিলেন। আগুন আপাতত নিয়ন্ত্রনে। উদ্ধারকাজ চলছে। পুলিশ হোটেল মালিক কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে আগত পূণ্যার্থীদের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, তারাপীঠ থানা সংলগ্ন পাঁচতলা হোটেল ‘বিদেশিনী’-তে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পাঁচতলা পর্যন্ত ধোঁয়া উঠে যায়। আগুন ছড়ায় মূলত একতলা এবং দোতলায়। এখনও পর্যন্ত এই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ভিতরে আরও কেউ আটকে আছেন কিনা তা জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না, সবরকম নিয়ম মানা হয়েছিল কি না, কোথাও কোনও গাফিলতি ছিল কিনা, দমকল ও পুলিশ সবদিকই খতিয়ে দেখছে। আবাসিকদের অভিযোগ, পিছনের দিকের একটি দরজা বন্ধ ছিল। তাই অনেকেই বেরোতে পারেননি। দরজা খুলে দিলে অনেকের প্রাণ বেঁচে যেত। সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment