তারাতলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫, এখনও কতজন আটকে উদ্বেগে উদ্ধারকারীরা

Spread the love

রোজদিন ডেস্ক : 
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। এখনও কতজন ধ্বংসস্তুপে আটকে আছেন, সঠিক হিসাব না থাকায় উদ্বেগে উদ্ধারকারীরা।
তৃতীয় দিনে আজ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও কেউ আটকে আছেন কিনা বলা যাচ্ছে না। সেনা ও এনডিআরএফ চূড়ান্ত জানালে তিনি কলকাতা পুলিশকে জানাবেন।
সূত্রের খবর, ভয়াবহ এই দুর্ঘটনাস্থল থেকে এখন অবধি তেত্রিশ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।
ঘটনাস্থলেও জরুরি ভিত্তিতে চিকিৎসক দল, চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। স্নিফার ডগ, ড্রোন সহ নানা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় দুর্গতদের খোঁজা, উদ্ধার কাজ চলছে।
সূত্রের খবর, ঠিক কতজন সেদিন কাজ করছিলেন, তা সঠিকভাবে এখনও জানা যায়নি, ফলে ধ্বংস স্তুপের নীচে আরও কেউ আছেন কিনা বোঝা যাচ্ছে না। এই কাজে ভিন রাজ্য থেকেও অনেকে এসেছিলেন, ফলে অনেকের পরিচয় এখনও অজানা।
এই ঘটনায় ধৃতদের জেরা করে এই সব তথ্য জানার চেষ্টা চলছে।
রাজ্য সরকার এই ঘটনায় নিহতদের পরিবার প্রতি দশ লক্ষ টাকা ও প্রধানমন্ত্রী দু লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। পুরো এলাকায়, বিভিন্ন হাসপাতালে স্বজন হারা, স্বজনের খোঁজে আসা উদ্বিগ্ন পরিজনদের হাহাকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*