রোজদিন ডেস্ক :
মধ্য প্রদেশের অশোকনগরে এক গাড়ির মধ্যে তরুণ তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তাঁদের নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। সূত্রে র খবর, ফাঁকা জায়গায় একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। কাছে গিয়ে গাড়ির ভিতরে উঁকি দিয়ে শিউরে ওঠেন তাঁরা। গাড়ির চালকের আসনে এক তরুণ, ও পিছনের আসনে এক তরুণীর রক্তাক্ত দেহ পড়ে আছে। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তরুণীকে হত্যা করে তরুণ আত্মঘাতী হয়েছেন।
গাড়ির ভিতরে একটি পিস্তল, রক্তমাখা কুড়ুল, করাত মিলেছে। গাড়ি থেকে ৫০ ফুট দূরে তিনটি ফোন পাওয়া গেছে।
নিহত তরুণ ঋত্বিক সোনি ও তরুণী মুস্কান, দুজনেই অশোকনগরের বাসিন্দা, তাঁরা ইন্দোরের একটি সংস্থায় এক সঙ্গে কাজ করতেন। ঋত্বিক কয়েকদিন আগে বাড়ি আসেন।
মুস্কানের পরিবার জানিয়েছে, বুধবার বিকেলে তিনি জিমে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। কোতোয়ালি থানায় তাঁর নিখোঁজ ডায়েরি করে পরিবার।
ভয়ঙ্কর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ দুই পরিবারের সঙ্গে কথা বলে রহস্য উদঘাটনে তদন্ত করছে।

Be the first to comment