রমিত সরকার, কৃষ্ণনগর : বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে মঙ্গলবার কৃষ্ণনগরের ডিআই অফিস (শিক্ষা ভবন)-এ ডেপুটেশন জমা দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে একটি পথসভাও করেন। সেখান থেকেই আগামী ১৩ মার্চ ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতৃত্বের দাবি, বর্তমান রাজ্য সরকারের আমলে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে তারা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাপ্য ডিএ বকেয়া দ্রুত মেটানোর দাবিও তোলেন।

এছাড়াও শিক্ষকদের দাবি, টেট পরীক্ষা বাধ্যতামূলক করা, মিড-ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় তার পরিমাণ বাড়ানো, এবং সর্বোচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হোক।
পথসভা থেকে সংগঠনের বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন। সেই সমস্ত সমস্যার সমাধানের দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তাদের বক্তব্য, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন শিক্ষকরা। সেই লক্ষ্যে আগামী ১৩ মার্চের ধর্মঘট সফল করতে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Be the first to comment