রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল ১৬ বছরের কিশোর। লেকের জলে ডুবে মৃত্যু হয়েছে তার। রবিবার সকালে লেকে সাঁতার কাটতে গিয়েছিল সে।
জানা গেছে, গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শিভম সিংহ। প্রত্যক্ষদর্শীরা জানায় , লেকের জলে থাকা গাছগাছালিতে তার পা আটকে গিয়েছিল। সেই কারণেই কিশোর জল থেকে উঠে আসতে পারেনি।
তারা আরোও জানিয়েছে, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে যাঁরা ছিলেন, কিশোরের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অভিযোগ, দীর্ঘ দিন লেকের জল পরিষ্কার করা হয় না। রক্ষণাবেক্ষণ প্রায় হয় না বললেই চলে। জলের মধ্যে আগাছায় ছেয়ে গিয়েছে, যা উপর থেকে দেখা যায় না। যাঁরা নিয়মিত সাঁতার কাটেন, তাঁরা জানেন কোথায় গাছগাছালি থাকতে পারে। সেই দিকটি তাঁরা এড়িয়ে চলেন। কিন্তু অনেকেই এই বিপদের কথা জানেন না।

Be the first to comment