রোজদিন ডেস্ক :
কাশ্মীরের কুলগামে আজ কাক ভোরে কুখ্যাত লস্কর জঙ্গি লতিফ ভাট (২৩) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায়। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। গত কদিন ধরে তার খোঁজে চূড়ান্ত তৎপর হয় নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওখানে এক মসজিদ ঘিরে ফেলে। লস্কর জঙ্গি লতিফ ভাটকে একাধিকবার আত্মসমর্পণের কথা বললেও সে রাজী হয়নি। শেষ অবধি সংঘর্ষে প্রাণ হারায় সে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে বলেন, আজ কাকভোরে সেনা, সিআরপিএফ, জম্মু -কাশ্মীর পুলিশ, গোয়েন্দাদের যৌথ অভিযানে উপত্যকায় লস্করের শেষ সক্রিয় জঙ্গি লতিফ ভাট প্রাণ হারিয়েছে।
তার আর এক জঙ্গি সহযোগী উমর নিসার-কে আগেই কুলগামে নিকেশ করা হয়েছিল। এই অভিযানে উচ্চ পর্যায়ের সমন্বয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁদের সবাইকে দেশবাসী কুর্ণিশ করছে বলে তিনি জানান।
জম্মু – কাশ্মীর পুলিশও সমাজমাধ্যমে লতিফের মৃত্যুর পর লিখেছে, তুমি পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না।
সূত্রের খবর, কুলগামে রাস্তার ওপর লতিফ ভাটের গুলিবিদ্ধ দেহ মেলে। এলাকায় আর কোন জঙ্গি লুকিয়ে আছে কিনা যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।

Be the first to comment