রোজদিন ডেস্ক : অবিলম্বে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের তুমুল বিক্ষোভে উত্তাল হল কলকাতার প্রাণকেন্দ্র। আজ কয়েকশো টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অবিলম্বে তাঁদের বিভিন্ন স্কুলে নিয়োজিত করার দাবি নিয়ে বিধানসভা (assembly) অভিযান করেন। ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েও কাজ না মেলায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভে সরগরম হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। পোস্টার, ব্যানার ইত্যাদি নিয়ে কাজের দাবিতে ধ্বনি দিয়ে তাঁরা বিধানসভার দিকে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা তিন বছর অপেক্ষা করছেন। কিন্তু রাজ্য সরকার তাঁদের কথা শুনছে না। যেখানে তাঁরা দিনের পর দিন কাজের আশায় বসে আছেন, সেখানে অস্থায়ী ও প্যারা শিক্ষকদের ওপর সরকার বোঝা চাপাচ্ছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শুন্যপদগুলিতে তাঁদের নিয়োগ না দেওয়ার প্রতিবাদে আজ তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের প্রতিরোধ করতে ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাফ নামানো হয়। বিধানসভার ফটকের সামনে পুলিশের সঙ্গে তাঁদের তুমুল বচসা, ধ্বস্তাধস্তি বাধে। পুলিশ জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তুলে দেয়।
জনৈক পুলিশ আধিকারিক জানান, নিষিদ্ধ অঞ্চল হওয়ায় বিক্ষোভকারীদের আসতে বাধা দেওয়া হয়। ৫০ জন মত বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

Be the first to comment