রোজদিন ডেস্ক : কর্মরত শিক্ষকদের ফের TET দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। শীর্ষ আদালতের এই রায় নিয়ে রাজ্যের শিক্ষক মহলে ক্রমেই উদ্বেগের পারদ চড়ছে। তাঁরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এর সঙ্গে কথা বলতে চান। প্রয়োজনে এই ব্যাপারে আইন সংশোধন করা যায় কিনা সেই আর্জিও জানাতে আগ্রহী তাঁরা। শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, তাঁরা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই কাজ পেয়েছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক তা করছেন। এত বছর শিক্ষকতার পর TET দিয়ে কেন ফের তাঁদের যোগ্য তা প্রমাণ করতে হবে প্রশ্ন তুলেছেন তাঁরা। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষে আজ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-কে ই-মেল করে আলোচনার অনুরোধ জানানো হয়। এর আগে তাঁদের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর সঙ্গেও দেখা করে এই নিয়ে উদ্বেগের কথা জানান। সন্দীপ ঘোষ, ভাস্কর ঘোষ প্রমুখ সেখানে ছিলেন।
প্রসঙ্গত, গত পয়লা সেপ্টেম্বর শীর্ষ আদালত এক মামলার প্রেক্ষিতে এই রায় দেয়। তা কার্যকর হলে দেশের ৭০ লক্ষ প্রাথমিক শিক্ষকদের মধ্যে এই রাজ্য-সহ ৫০ লক্ষ শিক্ষককেই ফের টেট দিতে হবে। ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে যাঁরা শিক্ষকতা করছেন, তাঁদের বেশির ভাগ এর আওতায় পড়বেন। বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক, শিক্ষা কর্মী নিয়োগ ইত্যাদি বিষয়ে শীর্ষ আদালতের রায় কার্যকর করতে ইতিমধ্যে একাধিক শিক্ষক সংগঠন রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন।

Be the first to comment