২১ জুলাই সমাবেশের প্রচার-পোস্টারে শুধুই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেকের নয়; সিদ্ধান্ত অভিষেকেরই

Spread the love

রোজদিন ডেস্ক : ২১ জুলাই সমাবেশের প্রচার-পোস্টারে শুধুই থাকবে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে থাকবেনা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেকথা দলকে জানিয়ে দিয়েছেন বলে জানালেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আজ শনিবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে সেই বৈঠক ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।’’
সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ২১ জুলাইয়ের এই সমাবেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে সবচেয়ে বেশি জনসমাগম হয়, তা নিশ্চিত করতে জেলার নেতাদের নির্দেশও দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, ‘‘এবার সর্বকালীন রেকর্ড ভিড় হবে ২১ জুলাইয়ের সমাবেশে। একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে, তার নজির আমরা এ বার রাখবই রাখব।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*