রোজদিন ডেস্ক : নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদের নামে দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির সমর্থনে শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর। এদিন প্রশাসনের অনুমতি না মেলায় সিজেপি সমর্থকরাও বামে মিছিলে অংশ নেন। মিছিল করে তারা ধর্মতলায় আসেন। সেখানে পুলিশ বাধা দিতেই হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল, ইট ছোড়া হয়। রেহাই পাননি কর্তব্যরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও। তাঁরা আন্দোলনকারীদের ভিড়ে মিশে থাকা “আক্রমণকারী”-দের নিশানা হয়ে ওঠেন। এদের হামলায় আক্রান্ত বেশ কয়েকজনকে পরে এসএসকেএমে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁদের দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার ভর্তি জখম চার সাংবাদিক ও চিত্রসাংবাদিকের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আহতদের খোঁজখবর নিয়ে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আক্রমণকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সবাইকে চিহ্নিত করে রেখেছি। কেউ রেহাই পাবে না। কটা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। আজ পুলিশকে একটু সংযত থাকতে আমিই বলেছিলাম। দেখুন কী ব্যবস্থা নেওয়া হয়। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব। এটা ছাত্র আন্দোলন! এদের সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। পুলিশ সূত্রে প্রাথমিক খবর, হামলাকারীদের চিহ্নিত করা গিয়েছে। দ্রুত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।

Be the first to comment