রোজদিন ডেস্ক, কলকাতা:- ইজরাইল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম হু’হু করে বেড়ে চলেছে। এখনই সবরকম তেলের দাম ৭ শতাংশ করে বেড়ে গিয়েছে বলে জানা গেছে। অর্থাৎ ভারতেও পেট্রোল-ডিজেলের দাম বাড়বে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।
অন্যদিকে ইরান-ইজরাইল যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারে সূচকের পতন শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই তো শুরু, এবার অনেক ঝক্কি সামলাতে হবে ইরানকে। তার মানে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে, আগামী দিনে ইরানের উপর হামলা আরও বাড়বে। এই ভয়ে বিশ্ব অর্থনীতির হাল টালমাটাল।
ব্রিটেন, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি মিলে যে উৎকৃষ্ট ব্রেন্ট তেল উৎপাদন করে তারও দাম ৭.২ শতাংশ বেড়েছে। ইরানের প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু আমেরিকা ফরমান জারি করেছে, কোনও দেশ ইরান থেকে তেল কিনলে সেই দেশকে ভাতে মারবে। তাই ২০১৮ সাল থেকে ভারত ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে।
ডাও জোন্স শেয়ারসূচক এ দিন ৬১২ পয়েন্ট নেমে গিয়েছে। নাসডক, এস পি ৫০০, রাসেল ২০০০ সূচক সবই নিম্নগামী। ফ্রান্স, জার্মানি, ইউরোপ সর্বত্র শেয়ার বাজার কাঁপছে। আমেরিকার অপরিশোধিত তেলের দাম ৭.৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে বিমান সংস্থার শেয়ারের দামও নিম্নমুখী। কারণ তেলের দাম বাড়লে বিমানভাড়া বাড়বে, যাত্রী কমবে, লাভ কমবে। এইরকম আশঙ্কার মধ্যে আমেরিকার সরকারি বন্ডে বিনিয়োগ বাড়ে, কারণ ওতে বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হয়। অথচ সেই বন্ডের বাজারও পড়ছে।

Be the first to comment