রোজদিন ডেস্ক, কলকাতা :- রক্ষণাবেক্ষণের জন্য ১৪ দিন বন্ধ থাকবে কাশী মিত্র মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি। ৭ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ২১শে ফেব্রুয়ারি সকাল ১১ টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো উত্তর কলকাতার এই শ্মশানের চুল্লিটি। বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দেয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ কলকাতার শ্মশানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে। মাত্র একটি বৈদ্যুতিক চুল্লি নিয়ে চলে এই মহাশ্মশানটি। যদিও, বিকল্প হিসাবে কাঠের চুল্লিও রয়েছে এই শ্মশানে। তবে শ্মশানযাত্রীদের শবদাহ করার ক্ষেত্রে বেশি ঝোঁক বৈদ্যুতিক চুল্লির দিকেই। উত্তর কলকাতা ও শহরতলির বড় অংশের শবদাহ হয় এই শ্মশানেই। তাই অনেক সময় বাড়তি চাপও সহ্য করতে হয়। আর তাতেই কাশী মিত্র ঘাটের বৈদ্যুতিক চুল্লিটির সংস্কার জরুরি হয়ে পড়েছে। মূলত ড্যামেজ বা বিকল হয়ে যাওয়া কাশী মিত্র শ্মশানের বৈদ্যুতিক চুল্লির যে ফার্নেস সিস্টেম রয়েছে তা পুনরায় রক্ষণাবেক্ষণের পর পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কলকাতা পুরসভার তরফে শ্মশানের বৈদ্যুতিক চুল্লিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার ২১ তারিখ সকাল ১১টার পর থেকে পুনরায় দাহক্রিয়া চালু করা হবে।
এই সময়কালে বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ দাহক্রিয়া ব্যাহত হওয়ার কারণে সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।
এই কদিন কাশী মিত্র শ্মশান ঘাটের পরিবর্তে আশপাশের অন্যান্য শ্মশান ঘাটে দাহক্রিয়া করার জন্য অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষের কাছে।

Be the first to comment