রাজস্থান থেকে ফিরল তিন পরিযায়ী শ্রমিকের নিথর দেহ, শোকে পাথর গোটা গ্রাম

Spread the love

রোজদিন ডেস্ক: রুটিরুজির সন্ধানে ঘর ছেড়েছিলেন। পাড়ি জমিয়েছিলেন ভিনরাজ্যে। ভেবেছিলেন কপাল খুলবে। কিন্তু সেটাই যে কাল হনে কে জানতো? জীবিকার টানে ঘর শেষে মৃত্যুকেই ডেকে আনলেন মালদহের তিন বাসিন্দা মুরসালিম হক (২৪), পাঁচু সেখ (২৮) এবং রুহুল সেখ (২০)। মুরসালিম ও পাঁচু মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা ও নতুনটোলা গ্রামের বাসিন্দা। রুহুল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাকোরমা গ্রামের বাসিন্দা। রাজস্থানে টাওয়ার বসানোর কাজ করতে গিয়েছিলেন। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পরিযায়ী শ্রমিক। শনিবার তাঁদের নিথর দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদহের মহিষবাথানি ও সাহাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে তিনজন রাজস্থানে যান। সেখানে টাওয়ার বসানোর প্রকল্পে কাজ করছিল। গত বুধবার কাজ চলাকালীন আচমকাই নির্মীয়মান টাওয়ারের একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শনিবার মরদেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো তাদের দেখতে ভিড় জমান প্রতিবেশীরাও। তাদের অভিযোগ, মালদহে পর্যাপ্ত কাজ নেই। তাই বহু যুবক বাধ্য হয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে। তাদের অনেকেই দুর্ঘটনার শিকারও হচ্ছেন। শোকাহত পরিবারগুলির জন্য দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*