রোজদিন ডেস্ক,কলকাতা:- ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, “সংরক্ষণ ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে”—এই মিথ্যা প্রচার এখন রীতিমতো সামাজিক মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ওবিসি তালিকা নতুন করে তৈরি করার অনুমতি দেয় এবং তিন মাস সময়ও দেয়। এর পর প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য গঠন করে অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন। সেই কমিশন পুরনো বাতিল হওয়া ১১৩টি সহ মোট ১১৭টি শ্রেণির অন্তর্ভুক্তির জন্য কাজ শুরু করে। কমিশন বেঞ্চমার্ক সার্ভে করার সিদ্ধান্ত নেয়, যা বাস্তবায়ন করে ব্যুরো অফ অ্যাপ্লায়েড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এরপর হাইকোর্টের অনুমতি নিয়ে সেই তালিকার পাবলিক নোটিফিকেশন করা হয়, যা ব্লক স্তরে প্রচার করা হয়। পরে আরও ২৬টি শ্রেণি অন্তর্ভুক্তির আবেদন করে, এবং কমিশন তাদের নিয়েও সার্ভে শুরু করে।
এদিন তিনি জানান, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে ওবিসি তালিকা থেকে ১১৩টি শ্রেণিকে বাদ দেয়। পাশাপাশি, ওবিসি-এ ও ওবিসি-বি সাব-ক্যাটাগরি বাতিল হয়। এর ফলে সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় মাত্র ৭ শতাংশে। এই সিদ্ধান্তে রাজ্যের বহু মানুষ সমস্যায় পড়েন। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়।

Be the first to comment