রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা তৃতীয়বার রেপো রেট বা সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার মুম্বই থেকে এমনটাই ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, “রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (বিপিএস) কমিয়ে ৫. ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি এখন থেকেই কার্যকর হবে।”
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে মূল সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমিয়ে ৬ শতাংশে নিয়ে এসেছে। এরপর টানা তৃতীয়বার রেপো রেট কমাল আরবিআই। যে সুদের হারে আরবিআই রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্ককে ঋণ দিয়ে থাকে সেটাই হল রেপো রেট। তাই রেপো রেট কমার ফলে ব্যাঙ্ক গ্রাহকরা সুদের হার এবং ইএমআইয়ের ক্ষেত্রে কয়েকটি সুবিধা পেতে পাবেন।
আরবিআই গভর্নর এদিন আরও উল্লেখ করেছেন, “রেপো রেট কমানোর কারণ হল মুদ্রাস্ফীতির হার কমেছে। বিভিন্ন খাদ্য দ্রব্যের উপর থাকা মূল্যবৃদ্ধিও কমেছে।” আরবিআই গভর্নর জোর দিয়ে বলেন, এই অর্থবর্ষে মুদ্রাস্ফীতি নিম্নমুখী থাকবে বলে পূর্বাভাস। তিনি বলেন, “যখন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে, তখন ভারতীয় অর্থনীতি কঠিন সময়ের মধ্যে শক্তি, স্থিতিশীলতা এবং সুযোগ প্রদান করছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি প্রত্যাশিত পথেই ভালোভাবে এগিয়ে চলেছে। ধারাবাহিকভাবে রেপো ১০০ বিপিএস কমানো হয়েছে। গত ৬ মাসে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”
সূত্রের খবর, ৪ জুন অর্থাৎ বুধবার থেকে শুরু হয় তিনদিনের রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি নির্ধারক কমিটির সভা। সেখানেই রেপো রেট নিয়ে আলোচনা হয়। ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক উন্নয়ন এবং ভবিষ্যতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিশদ মূল্যায়নের পর মুদ্রানীতি কমিটি রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয়।

Be the first to comment