রোজদিন ডেস্ক, কলকাতা:– আরসিবির বিজয় মিছিলকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও তার জেরে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।
তিনি আরোও বলেন ‘আমি কোনওদিনই রোড শোয়ের ভক্ত নই। ২০০৭ সালেও আমি একই মন্তব্য করেছিলাম। দেশে এ ধরনের আয়োজন হওয়া অনুচিত। ভবিষ্যতে স্টেডিয়ামে উৎসব জাতীয় কিছু করা যেতে পারে। যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছেন, তাঁদের সহমর্মিতা জানাতে চাই।‘
এ ধরনের অবিবেচনাপ্রসূত আয়োজন যে মোটেও কাম্য নয়, সে কথা স্মরণ করিয়ে গম্ভীর বলেন, ‘আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত। প্রতিটি জীবন মূল্যবান। যদি রোড শো আয়োজনের পরিস্থিতি ও সময় না থাকে, তাহলে উৎসব থেকে সরে আসা উচিত। কোনও পরিস্থিতিতেই ১১ জন মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।‘

Be the first to comment