সকাল থেকেই মুখ ভার আকাশের, চলছে বৃষ্টিও; কি বলছে হাওয়া অফিস.?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশের মুখভার। বেলা বাড়লেও রোদের দেখা নেই। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রও উত্তাল থাকবে। এ নিয়ে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। তবে একটানা বৃষ্টিতে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*