রোজদিন ডেস্ক : বুথ লেভেল অফিসার বা বিএলও পদে এবার খোদ মহিলা তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট! এই নিয়ে বিজেপি আপত্তি জানাতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে তড়িঘড়ি তাঁকে সরাল প্রশাসন। বিজেপি তাঁর নামে অভিযোগ তুলতেই ওই বিএলও অবশ্য স্বীকার করে নিয়েছেন যে তিনি তৃণমূল করেন এবং দলের মহিলা শাখার টাউন প্রেসিডেন্ট। স্থানীয় সাংসদ পার্থ ভৌমিকও ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে থেকেই বিএলও করা হয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তবে এভাবে যদি একজন একজন করে ধরে ধরে দেখা হয়, তাহলে বিজেপিকে গুজরাত থেকে লোক আনতে হবে। গোটা ঘটনা সামনে আসতেই সরগরম বারাকপুর বিধানসভা এলাকা। জানা গিয়েছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিটাগড় টাউন কমিটির মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়েই যত বিতর্ক। কাজের সূত্রে তাকে বিএলও-র হিসেবে নিয়োগ করেছিল কমিশন। কিন্তু তিনিই আবার দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। পুর ভোটে তাঁকে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়াই করতেও দেখা গিয়েছে। দলের মহিলা শাখার টিটাগড় শহর কমিটির সভানেত্রী তিনি। স্থানীয় বিজেপি নেতা বিশাল জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সম্প্রতি। সেখানে তিনি পূর্ণিমার রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিএলও পদে তার নিয়োগ নিয়ে আপত্তি জানান। এর পর শুরু হয় বিতর্ক। শেষে তাঁকে পদ থেকে সরিয়ে দিল কমিশন।

Be the first to comment