গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম দফা ভোটের এখন দিন দশেক দেরি। তার আগেই অশান্তি শুরু দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাত বারোটার আশপাশের ঘটনা গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে ঘটনা। জানা গিয়েছে, বাইকে চেপে বাড়ি ফেরার পথে আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার ডান পায়ের উরুতে লাগে। রাস্তার পাশে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতকে। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকে থমথমে পরিবেশ। স্থানীয় সূত্রে খবর, দিব্যেন্দু তৃণমূলের সক্রিয় কর্মী। ২২ এপ্রিল গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে এলাকায় নির্বাচনী জনসভা রয়েছে। সেই সভার জন্য দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন দিব্যেন্দু। বৈঠক শেষে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*