রোজদিন ডেস্ক: আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ওই দিন শহর কলকাতায় প্রতিবারের মতো এবারও সভা করতে চায় টিএমসিপি। কিন্তু বারবার যোগাযোগ করা সত্বেও পুলিশের তরফে তাদের কিছু জানান হয়নি। এই অভিযোগ তুলে এবার সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র সংগঠন। আগামী বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার এই আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী। বলা হয়, প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তার পরে গত ৩ অগাস্ট এবং ৭ অগাস্ট পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। সেই কারণেই বাধ্য হয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন তারা। মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির জন্যও আদালতে আবেদন জানায় টিএমসিপি।আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে বুধবার শুনানির কথা জানান। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন প্রতি বছর মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা হয়ে আসছিল। তবে এবার পরিস্থিতি আলাদা। ভোটে ভরাডুবির পরে ছত্রভঙ্গ তৃণমূল। এই অবস্থায় আদসলত কী রায় দেয় এখন সেদিকে তাকিয়ে।কালীঘাট টিএমসিপি।

Be the first to comment