ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহেই বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহার দু’-দু’টি ভোটার কার্ড রয়েছে বলে উঠল অভিযোগ। তাঁর নামে দু’-দু’টি EPIC নম্বর রয়েছে বলে দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে।
বিজয়ের নামে থাকা দু’টি EPIC নম্বর নিয়ে তেজস্বী বলেন, “বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা মোদিজির অতি ঘনিষ্ঠ। দুই পৃথক জেলায়, দুই পৃথক বিধানসভা ক্ষেত্রের ভোটার উনি। লখীসরায় জেলার লখীসরায় ক্ষেত্র এবং পটনা জেলার বাঁকীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটার উনি। দু’টি আলাদা আলাদা EPIC নম্বর রয়েছে ওঁর, লখীসরায়ে IAF3939337, বাঁকীপুরের AFS0853341’
তেজস্বী আরও লেখেন, ‘দুই পৃথক কেন্দ্র থেকে দু’বার করে ভোট পড়ে। দুই জায়গায় বয়সও আলাদা লেখা। এক জায়গায় লেখা ৫৭, এক জাগায় ৬০। এটা কি বয়স নিয়ে জালিয়াতি নয়? দুই জায়গায় ওঁর স্বাক্ষর নেই। তাহলে কি নির্বাচন কমিশন নিজেই সই জাল করে এক ব্যক্তির নাম দুই জায়গায় তুলেছে? খসড়া তালিকায় দুই জায়গায় ওঁর নাম উঠল কী করে? বিজেপি-র জন্য কি এই প্যাটার্ন তৈরি করেছে নির্বাচন কমিশন’। তেজস্বীর সাফ বক্তব্য, “হয় SIR পুরোপুরি জালিয়াতি, নয়ত উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা নিজে জালিয়াতি করেছেন। ওঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত।”

Be the first to comment