উত্তরবঙ্গ-সিকিম (Uttarbango-Sikim) জুড়ে টানা বৃষ্টি, তিস্তা উপচে দার্জিলিং-শিলিগুড়ি কার্যত বিচ্ছিন্ন

Spread the love

রোজদিন ডেস্ক :  উত্তরবঙ্গ ও সিকিম (Uttarbango-Sikim) জুড়ে টানা বৃষ্টি। বেহাল দশা রাস্তাঘাটের।  বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে তিস্তার জল উপচে রাস্তা চলে আসায় কার্যত বিচ্ছিন্ন হতে বসেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। তবে গাড়ি চলাচল এখনও পুরোপুরি বন্ধ হয়নি। কিছু গাড়ি যাচ্ছে তবে ধীরগতিতে।

পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে কতক্ষণ চলবে সন্দিহান প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে তিস্তার জল উপচে তিস্তা বাজার সংলগ্ন রাস্তায় ঢুকে পড়ে। ফলে সমতলের সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। কিছু গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রশাসন পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে।

পাশাপাশি সিকিমের সিংতাম-রংপো জাতীয় সড়কের ২০ মাইল বারডাং এলাকায় ধস নেমে এনএইচ-১০ সম্পূর্ণ অবরুদ্ধ  হয়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে মাটি, পাথর সরানোর কাজ ব্যাহত হচ্ছে। আংশিকভাবে রাস্তা চালু করার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। ধসের কারণে গ্রামীণ রাস্তাগুলিও বিপর্যস্ত। পথশ্রী প্রকল্পে তৈরি হওয়া সিংতাম-টিয়াবাড়ির রাস্তা বৃষ্টিতে ভেসে গিয়েছে। সিংতাম-রাভাংলা রোড ও খামদং রোডও ধসে বন্ধ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় একাধিক ধস নামায় দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত। প্রশাসনের তরফে পর্যটকদের ওইসব এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*