রোজদিন ডেস্ক : মেক্সিকোয় কুখ্যাত মাদক অপরাধী এল মেনচো নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছে। রবিবার মেক্সিকোর তাপালাপায় সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত হন। বিমানে তাঁকে মেক্সিকো সিটিতে নেওয়ার চেষ্টা হলেও পথে তাঁর মৃত্যু হয়। কুখ্যাত এই মাদক অপরাধীর জন্য আমেরিকা মাথার দাম হিসাবে ১ কোটি ৫০ লক্ষ ডলার ঘোষণা করেছিল। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম তাঁকে হত্যার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। সবাইকে শান্ত থাকার আহবান জানান।
এই অভিযানকে স্বাগত জানান মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
অন্যদিকে এল মেনচোর (৫৯) মৃত্যুর পর মেক্সিকোর বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ব্যাহত হয় বিমান চলাচলও।বিশাল মাদক সাম্রাজ্যের অধিকারী এল মেনচোর ছেলে, মেয়ে, ভাই আমেরিকায় কারাবন্দি। ফলে কর্টেলের স্থানীয় নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হতে পারে।
এই ঘটনায় মেক্সিকোয় বিশ্বকাপ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। মাদক-বিরোধী মহলের মতে, শুধু কুখ্যাত মাদক অপরাধীদের হত্যা, গ্রেফতার করলে সমস্যার সমাধান হবে না। পুরো কাঠামোই ভাঙতে হবে। মাদক শিক্ষা, আসক্তি নিরাময়ে তেমন কোন উদ্যোগ না থাকায় উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment