রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ শুক্রবার বঙ্গ সফর নরেন্দ্র মোদীর।
দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুপুর আড়াইটে নাগাদ তাঁর সভা শুরু হবে। প্রথমে থাকবে প্রশাসনিক কিছু কর্মসূচি। বেলা ৩টে থেকে দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন মোদী। এখানে আসার আগে সাধারণ মানুষকে সভায় আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন, তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে। এখানে একমাত্র ভরসা বিজেপি! তবে কম যাচ্ছে না তৃণমূলও। তারা সুযোগ বুঝে হাতিয়ার করছে ‘বাংলা বিতর্ক”কে। সভার আগেই একপ্রস্থ সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন, “এবারও কি আপনি বাংলায় বলবেন?”
শশী পাঁজা এদিন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার হয়ে বাংলায় ঢুকবেন। দুর্গাপুরে তাঁর সভা রয়েছে। সেখানে সভা শেষ করে দিল্লি ফিরে যাবেন। এখন বিষয়বস্তু হল, বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি বাংলাতে কথা বলার প্রয়াস করতেন। আবার দিদিকে ‘ও ডিডি’, ‘ও ডি ডি’ করতেন। এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবারও কি তিনি বাংলায় কথা বলবেন?”
শশী ব্যাঙ্গ করে বলেন, “বাংলা বলাটা তো অপরাধ! এটা আমরা বলছি না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাঁরা আমাদের পরিযায়ী শ্রমিক, যাঁরা বাঙালি, বাংলা ভাষা বলছেন তাঁদের হেনস্থাই প্রমাণ করে দিচ্ছে, অকথ্য গালাগালি করে তাঁদের বিরক্ত করে অপদস্থ করা হচ্ছে, সেটাই তার প্রমাণ। এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা অত্যাচারের পর্যায়ে চলে গেছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাভাষী হলেই বাংলাদেশি বলে দাগিয়ে ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে দলগত ভাবে প্রতিবাদ করছে মমতার দল তৃণমূল। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার আগে তাই তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের শশী পাঁজা।

Be the first to comment