রোজদিন ডেস্ক, কলকাতা:- হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুর এক নিমিষেই মুছে দিয়েছিল ২২ এপ্রিলের পায়েলগাঁও জঙ্গি হামলা। এবং তার পরেই বদলা নিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে হয়েছে কড়া প্রত্যাঘাত। মহিলাদের সিঁদুরের মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। কিন্তু এবার সেই মহিলাদের সাহসিকতা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ। সেখানেই থেমে থাকেননি তিনি। অত্যন্ত আপত্তিকর মন্তব্যও করেছেন। বিজেপির সাংসদ রাম চন্দ্র জাংরার কথায়, ‘পহেলগাঁওতে ওই মহিলারা ভিক্টিম হয়েছিলেন কারণ, তাঁদের মধ্যে ‘বীরাঙ্গনার কৃতিত্ব, উৎসাহ, উদ্দীপনা, উদ্যম কম ছিল।’ হরিয়ানার ভিওয়ানিতে আহিল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেওয়ার সময়েই এই মন্তব্য করেছেন বিজেপির ওই সাংসদ। ১৮ শতকে নিজের সাহসিকতা এবং দূরদর্শী চিন্তাভাবনার জন্য পরিচিত নাম ছিলেন মারাঠা রানি আহিল্যাবাঈ হোলকার।
হরিয়ানার ওই অনুষ্ঠানে বিজেপির সাংসদ রাম চন্দ্র জাংরা বলেন, ‘পহেলগাঁওতে আমাদের যে বীরাঙ্গনা বোনেরা ছিলেন, যাঁদের সিঁথির সিঁদুর ছিনিয়ে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার ভাব ছিল না। যোদ্ধা মনোভাব, উৎসাহ, উদ্যমের অভাব ছিল। তাই তাঁরা হাত জোর করে গুলির শিকার হয়েছেন।কিন্তু হাত জোর করলে কেউ ছেড়ে দেয় না। আমাদের লোকেরা ওখানে হাত জোর করে মারা গিয়েছেন।’ এপরে তিনি আরো বলেন, অগ্নিপথ স্কিমের প্রশিক্ষণের প্রসঙ্গ টেনে এনে বিজেপির এই সাংসদ বলেছেন, ‘পর্যটকরা প্রশিক্ষণে পাশ করেছিলেন? তিনজন জঙ্গি ২৬ জন মানুষকে মারতে পারে না। ওঁদের উচিত ছিল লড়াই করা। যদি করতেন, তাহলে হতাহতের সংখ্যা অল্পই হতো।’

Be the first to comment